• ৩ অগ্রহায়ণ ১৪৩৩, রবিবার ২২ নভেম্বর ২০২৬ ই-পোর্টাল

Janatar Katha

Banner Add
  • কলকাতা
  • রাজ্য
  • দেশ
  • বিদেশ
  • রাজনীতি
  • খেলার দুনিয়া
  • বিনোদুনিয়া
  • সম্পাদকীয়
  • নিবন্ধ
  • ভ্রমণ
  • রাশিফল
  • টুকিটাকি
  • চিত্রহার
  • বিবিধ
  • ভিডিও
  • এছাড়াও
    • উৎসব
    • ব্যবসা
    • স্বাস্থ্য
    • শিক্ষা
    • প্রযুক্তি
    • হেঁসেল

Lokesh Rahul

খেলার দুনিয়া

দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে এক দিনের সিরিজের দল ঘোষণা, চোটের কারণে নেই শুভমন—নেতৃত্বে ফিরলেন লোকেশ রাহুল

দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে তিন ম্যাচের এক দিনের সিরিজের জন্য দল ঘোষণা করল ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই)। অনুমান মতই চোটের জন্য অনুপস্থিত শুভমন গিল। পাশাপাশি অস্ট্রেলিয়া সফরে সহ-অধিনায়ক হিসেবে থাকা শ্রেয়স আয়ারও চোট সারাতে ব্যস্ত। ফলে নতুন অধিনায়ক বেছে নেওয়ার কঠিন সিদ্ধান্ত নিতে হয় নির্বাচক অজিত আগরকরদের। আর সেই দায়িত্ব ফিরে গেল অভিজ্ঞ ব্যাটার লোকেশ রাহুলের হাতে। প্রায় দুবছর পরে সাদা বলের ফরম্যাটে ভারতীয় দলের নেতৃত্ব দিতে দেখা যাবে তাঁকে।২০২৩ সালে দক্ষিণ আফ্রিকা সফরেই শেষবার নেতৃত্ব দিয়েছিলেন রাহুল। সেই অভিজ্ঞতাই এই সিরিজে তাঁকে আবারও অধিনায়ক হিসেবে এনে দিল। টেস্ট সিরিজে আশানুরূপ ফল না হওয়ার পর নির্বাচকরা নতুন পরীক্ষা-নিরীক্ষায় না গিয়ে অভিজ্ঞতার ওপরই ভরসা রাখলেন।হার্দিক পাণ্ড্য এখনও প্রতিযোগিতামূলক ক্রিকেটে ফিরে আসার মতো ফিট নন, তাই তাঁকে বিবেচনায় আনা হয়নি। আর আগামী বছরের টি-টোয়েন্টি বিশ্বকাপকে মাথায় রেখে বুমরাহ ও মহম্মদ সিরাজকে বিশ্রাম দেওয়া হয়েছে। ক্রিকেটারদের ওপর বাড়তি চাপ এড়াতে এবং তরুণদের সুযোগ দিতে এই সিদ্ধান্ত বলে বোর্ড সূত্রে জানা যাচ্ছে। অভিজ্ঞ বিরাট কোহলি ও রোহিত শর্মা এক দিনের দলে রয়েছেন, তবে জায়গা হয়নি পেসার মহম্মদ শামির।ভারতীয় দলের তরুণ ব্রিগেডে জায়গা পেয়েছেন নীতীশ কুমার রেড্ডি, হর্ষিত রানা এবং ধ্রুব জুরেল। তাঁদের সঙ্গে থাকছেন অভিজ্ঞ জাডেজা, কুলদীপ, ওয়াশিংটন সুন্দররাযারা দলের ভারসাম্য বজায় রাখবে।দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ভারতের এক দিনের সিরিজের দল🏏 রোহিত শর্মা🏏 যশস্বী জয়সওয়াল🏏 বিরাট কোহলি🏏 তিলক বর্মা🏏 লোকেশ রাহুল (অধিনায়ক)🏏 ঋষভ পন্থ🏏 ওয়াশিংটন সুন্দর🏏 রবীন্দ্র জাডেজা🏏 কুলদীপ যাদব🏏 নীতীশ কুমার রেড্ডি🏏 হর্ষিত রানা🏏 রুতুরাজ গায়কোয়াড়🏏 প্রসিদ্ধ কৃষ্ণ🏏 অর্শদীপ সিংহ🏏 ধ্রুব জুরেল🚨 NEWS 🚨#TeamIndias squad for @IDFCFIRSTBank ODI series against South Africa announced.More details ▶️https://t.co/0ETGclxAdL#INDvSA pic.twitter.com/3cXnesNiQ5 BCCI (@BCCI) November 23, 2025এই দল নিয়ে শক্তিশালী দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে কেমন ফল করে ভারতসেদিকেই এখন তাকিয়ে ক্রিকেটপ্রেমীরা।

নভেম্বর ২৪, ২০২৫
খেলার দুনিয়া

মহসীনের দাপটে আবার জয় লখনউ–র, এগিয়ে গেল প্লে অফের দিকে

আবার জ্বলে উঠলেন মহসীন খান। ১৬ রানে ৪ উইকেট তুলে নিলেন এই বাঁহাতি জোরে বোলার। তাঁর দুরন্ত বোলিংয়ের ওপর ভর করে দিল্লি ক্যাপিটালসকে ৬ রানে হারাল লখনউ সুপার জায়ান্টস। একই সঙ্গে ১০ ম্যাচে ১৪ পয়েন্ট সংগ্রহ করে প্লে অফের দিকে আরও একধাপ এগিয়ে গেল লোকেশ রাহুলের দল। এদিন টস জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেন লখনউ সুপার জায়ান্টস অধিনায়ক লোকেশ রাহুল। দারুণ শুরু করেছিলেন কুইন্টন ডিকক ও রাহুল। ওপেনিং জুটিতে ৪.১ ওভারে ওঠে ৪২। এরপরই ধাক্কা। শার্দূল ঠাকুর এসে ডিকককে তুলে নেন। ১৩ বলে ২৩ রান করে আউট হন ডিকক। এরপর দিল্লি ক্যাপিটালসের বোলারদের আর কোনও সুযোগ দেনন লোকেশ রাহুল ও দীপক হুডা। লখনউর এই দুই ব্যাটারই দারুণ ছন্দে রয়েছেন। বিশেষ করে লোকেশ রাহুলের কথা বলতেই হবে। রাহুল ও দীপক দুজনে মিলে জুটিতে তোলেন ৯৫। জুটি ভাঙার জন্য সেই শার্দূল ঠাকুরকেই দায়িত্ব নিতে হয়। নিজের বলেই ক্যাচ ধরে দীপক হুডাকে ফেরান শার্দূল। ৩৪ বলে ৫২ রান করেন হুডা। হুডা আউট হলেও দলকে টেনে নিয়ে যান লোকেশ রাহুল। অধিনায়কোচিত ইনিংস খেলে ৫১ বলে ৭৭ রান করে তিনি শেষ পর্যন্ত আউট হন। ১৬ বলে ১৭ রান করে অপরাজিত থাকেন মার্কাস স্টয়নিস। ২০ ওভারে ৩ উইকেটে ১৯৫ রান তোলে লখনউ। দিল্লি ক্যাপিটালসের হয়ে তিনটি উইকেটই নেন শার্দূল ঠাকুর। জয়ের জন্য সামনে ১৯৬ রানের লক্ষ্য। এই ধরণের লক্ষ্যে পৌঁছতে গেলে শুরুটা ভাল হওয়া জরুরি। সেটাই করতে পারেনি দিল্লি ক্যাপিটালস। পৃথ্বী শর ব্যাটে ধারাবাহিকতার অভাব। এজিন মাত্র ৫ রান করে আউট হন। তাঁকে তুলে নেন দুষ্মন্ত চামিরা। ডেভিড ওয়ার্নারও এদিন নিজেকে মেলে ধরতে পারেননি। ৪ বলে ৩ রান করে মহসীন খানের বলে আয়ূশ বাদোনির হাতে ক্যাচ দিয়ে আউট হন। ৩ ওভারের মধ্যে ১৩ রানে ২ উইকেট হারিয়ে চাপে পড়ে যায় দিল্লি ক্যাপিটালস। মিচেল মার্শ পাল্টা আক্রমণ শানিয়ে চাপ কাটানোর চেষ্টা করেন। কিন্তু তিনিও বেশিক্ষণ ক্রিজে স্থায়ী হননি। ২০ বলে ৩৭ রান করে তিনি কৃষ্ণাপ্পা গৌতমের বলে তিনি আউট হন। ঋষভ পন্থকে (৩০ বলে ৪৪) তুলে নেন মহসীন খান। ললিত যাদব (৩) রান পাননি। রভম্যান পাওয়েল ২১ বলে করেন ৩৫। তিনি মহসীন খানের শিকার। শার্দূল ঠাকুরকেও (১) তুলে নেন মহসীন। শেষ দিকে জয়ের আশা জাগিয়েছিলেন অক্ষর প্যাটেল (২৪ বলে অপরাজিত ৪২) ও কুলদীপ যাদব (৮ বলে অপরাজিত ১৬)। কিন্তু দলকে জয় এনে দিতে পারেননি। ২০ ওভারে ১৮৯/৭ তোলে দিল্লি। দুরন্ত বোলিং করে ৪ ওভারে ১৬ রান দিয়ে ৪ উইকেট তুলে নেন মহসীন খান।

মে ০১, ২০২২
খেলার দুনিয়া

ব্যর্থ লোকেশ রাহুল, বড় রানে পৌঁছতে পারল না লখনউ সুপার জায়ান্টসও

প্লে অফের লড়াইয়ের গুরুত্বপূর্ণ ম্যাচে পাঞ্জাবের বিরুদ্ধে জ্বলে উঠতে পারলেন না লখনউ সুপার জায়ান্টসের ব্যাটাররা। বলতে গেলে জ্বলে উঠতে দিলেন না কাগিসো রাবাডা। তাঁর দুরন্ত বোলিংয়ের জন্যই প্রথমে ব্যাট করে ২০ ওভারে ৮ উইকেটে ১৫৩ রানের বেশি তুলতে পারল না লখনউ সুপার জায়ান্টস। সর্বোচ্চ রান ওপেনার কুইন্টন ডিককের। তিনি করেন ৪৬। দুরন্ত ছন্দে থাকা লোকেশ রাহুল এদিন ব্যর্থ। টস জিতে লখনউ সুপার জায়ান্টসকে ব্যাট করতে পাঠান পাঞ্জাব কিংস অধিনায়ক মায়াঙ্ক আগরওয়াল। শুরুটা ভাল হয়নি লখনউর। দুরন্ত ফর্মে থাকা অধিনায়ক লোকেশ রাহুল এদিন ব্যর্থ। তৃতীয় ওভারে কাগিসো রাবাডার পঞ্চম বলে দলের ১৩ রানের মাথায় লোকেশ রাহুল। ১১ বল খেলে ১টি চারের সাহায্যে মাত্র ৬ রান করেন তিনি। এরপর দলেকে টেনে নিয়ে যান কুইন্টন ডিকক ও দীপক হুডা। পাওয়ার প্লের ৬ ওভারে লখনউ তোলে ৩৯/১। ৭.৪ ওভারে ৫০ রান পূর্ণ হয় লখনউর। দলকে ভালোই টেনে নিয়ে যাচ্ছিলেন কুইন্টন ডিকক ও দীপক হুডা। জুটিতে দুজনে মিলে তোলেন ৮৫ রান। ১২.৪ ওভারে জুটি ভাঙেন সন্দীপ শর্মা। তাঁর বলে উইকেটের পেছনে ক্যাচ দেন ডিকক। ৩৭ বলে ৪৬ রান করেন তিনি। দলের ১০৪ রানের মাথায় আউট হন দীপক হুডা। ১টি চার ও ২টি ছয়ের সাহায্যে তিনি ২৮ বলে ৩৪ রান করেন। এরপরই ধস নামে লখনউ সুপার জায়ান্টস ইনিংসে। ১৫ তম ওভারের প্রথম ও পঞ্চম বলে ক্রুণাল পাণ্ডিয়া (৭) ও আয়ুষ বাদোনিকে (৪) ফেরান রাবাডা। পরের ওভারেই মার্কাস স্টইনিসকে (১) তুলে নেন রাহুল চাহার। নিজের বলেই তিনি ক্যাচ ধরেন। ১৮তম ওভারের চতুর্থ বলে জেসন হোল্ডারকে (৮ বলে ১১) তুলে নেন চাহার। ১৯ তম ওভারে রাবাডার প্রথম দু বলে পরপর ছয় মেরে পরের বলেই আউট দুষ্মন্ত চামিরা। তিনি ১০ বলে করেন ১৭। এরপর লখনউ ১৫০ রানের গন্ডি পার হয় মহসীন খানের ঝোড়ো ব্যাটিংয়ে। ১ করে চার ও ছয় মেরে ৬ বলে ১৩ রানে অপরাজিত থাকেন মহসীন। ৪ ওভারে ৩৮ রানে ৪ উইকেট তুলে নেন রাবাডা।

এপ্রিল ২৯, ২০২২
খেলার দুনিয়া

শততম ম্যাচে সেঞ্চুরি লোকেশের, টানা হাফডজন হারে নজির মুম্বইয়ের

রাজস্থান রয়্যালসের বিরুদ্ধে ট্রেন্ট বোল্টের প্রথম বলেই শূন্য রানে বোল্ড হয়েছিলেন লোকেশ রাহুল। সেদিন মাঠে হাজির ছিলেন বান্ধবী আথিয়া শেট্টি ও হবু শ্বশুর সুনীল শেট্টি। হবু শ্বশুরের সামনে বেইজ্জত হতে হয়েছিল। তা নিয়ে সোশ্যাল মিডিয়ায় নানারকম মিম ছড়িয়ে পড়েছিল। ব্যাপারটা হয়তো ভালভাবে নিতে পারেননি লোকেশ রাহুল। মুম্বই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে দারুণভাবেই জ্বলে উঠলেন। তাঁর দুরন্ত শতরানের দাপটেই উড়ে গেল মুম্বই। ১৮ রানে জিতল লখনউ সুপার জায়ান্টস। টানা ৬ ম্যাচে হার মুম্বই ইন্ডিয়ান্সের। চলতি আইপিএলে প্লে অফের সম্ভাবনা আরও ক্ষীণ হয়ে গেল ৫ বারের চ্যাম্পিয়নদের। মুম্বই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে আইপিএলে এদিন শততম ম্যাচ খেলতে নেমেছিলেন লোকেশ রাহুল। মাইলস্টোনের ম্যাচে রীতিমতো নজির গড়ে জেতালেন লোকেশ রাহুল। ৬০ বলে করলেন ১০৩। তাঁর আগে কোনও ক্রিকেটার আইপিএলের শততম ম্যাচে সেঞ্চুরি করতে পারেননি। আইপিএলের ইতিহাসে রেকর্ড গড়লেন লোকেশ রাহুল। এদিন আরও একটা নজির গড়েছেন তিনি। চলতি আইপিএলে প্রথম অধিনায়ক হিসেবে সেঞ্চুরি করার নজির গড়লেন। লখনউ সুপার জায়ান্টসের বিরুদ্ধে রীতিমতো মরণবাঁচন ম্যাচ ছিল মুম্বই ইন্ডিয়ান্সের কাছে। হারা মানেই প্লে অফের স্বপ্ন থেকে রীতিমতো দুরে সরে যাওয়া। ডু অর ডাই ম্যাচেও জ্বলে উঠতে পারলেন না রোহিতরা। রোহিত শর্মার দলকে ডোবাল দলের বোলিং। টাইমল মিলস, ফাবিয়ান অ্যালেন, জয়দেব উনাদকাত, মুরুগান অশ্বিনদের ছন্নছাড়া বোলিং কাজ সহজ করে দিয়েছিল লোকেশৃ্ রাহুলদের।টস জিতে এদিন লখনউ সুপার জায়ান্টকে ব্যাট করতে পাঠিয়েছিলেন রোহিত শর্মা। ওপেনিং জুটিতে ৫২ তোলেন লোকেশ ও কুইন্টন ডিকক। ফাবিয়ান অ্যালেনের বলে ডিকক (১৩ বলে ২৪) ফিরে যাওয়ার পর লোকেশের সঙ্গে জুটি বেঁধে দলকে টেনে নিয়ে যান মণীশ পাণ্ডে। ২৯ বলে ৩৮ রান করে মুরুগান অশ্বিনের বলে বোল্ড হন মণীশ। লোকেশ রাহুলকে অবশ্য আটকানো যায়নি। ৩৩ বলে হাফ সেঞ্চুরি পূর্ণ করেন তিনি। সেঞ্চুরি পূর্ণ করেন ৫৬ বলে। শেষ পর্যন্ত ৬০ বলে ১০৩ রানে অপরাজিত থাকেন তিনি। লোকেশ রাহুলের ইনিংসে রয়েছে ৯টি চার ও ৫টি ছয়। নির্ধারিত ২০ ওভারে লখনউ তোলে ১৯৯। দলকে চলতি আইপিএলে প্রথম জয় এনে দেওয়ার জন্য রোহিত শর্মাকে জ্বলে উঠতে হত। তাঁকে সে সুযোগ দেননি আবেশ খান। তৃতীয় ওভারে আবেশের বল ব্যাটেরল কানায় লাগিয়ে ডিককের হাতে ক্যাচ দিয়ে আউট হন রোহিত (৬)। ক্রিজে নেমে ঝড় তুলেছিলেন বেবি এবি ডিওয়ালড ব্রেভিস। কিন্তু তাঁর ঝড় বেশিক্ষণ স্থায়ী হয়নি। আবেশের বলে দীপক হুডার হাতে ক্যাচ দিয়ে আউট হন তিনি। ৬টি চার ও ১টি ছয়ের সাহায্যে ১৩ বলে ৩১ রান করেন ব্রেভিস। পরের ওভারেই ঈশান কিশানকে (১৩) তুলে নিয়ে মুম্বইকে চাপে ফেলে দেন স্টয়নিস। এরপর মুম্বইকে টেনে নিয়ে যাওয়ার চেষ্টা করেন সূর্যকুমার যাদব ও তিলক ভার্মা। জুটি ওঠে ৬৪। পঞ্চদশ ওভারে তিলককে (২৬ বলে ২৬) তুলে নেন হোল্ডার। পরের ওভারেই সূর্যকুমারকে (২৭ বলে ৩৭) ফেরান রবি বিষ্ণোই। কায়রন পোলার্ড (১৪ বলে ২৫) চেষ্টা করেও মুম্বইকে জয় এনে দিতে পারেননি। ২০ ওভারে ১৮১/৯ রানে থেমে যায় মুম্বইয়ের ইনিংস।

এপ্রিল ১৬, ২০২২
খেলার দুনিয়া

হবু শ্বশুরের সামনে বেইজ্জত!‌ ভারতীয় ক্রিকেট দলের এই ওপেনার কে নিয়ে মিমের বন্যা

তুই এই ছেলেকে পছন্দ করেছিস? যে কিনা ব্যাট করতে পারে না। প্রথম বলেই শূন্য রানে বোল্ড হয়? মুম্বই ওয়াংখেড়ে স্টেডিয়ামের ভিআইপি গ্যালারিতে বসে রবিবার রাতে মেয়ে আথিয়াকে এই কথা গুলো কি আদৌও বলেছিলেন সুনীল শেট্টি? যদি বলে থাকেন অবাক হওয়ার কিছু নেই। রবিবার হবু শ্বশুরের সামনে বেইজ্জত লোকেশ রাহুল।সুনীল শেট্টির মেয়ে আথিয়া লোকশ রাহুলের প্রেমে হাবুডুবু খাচ্ছেন, একথা আর কারও অজানা নেই। রবিবার ওয়াংখেড়ে স্টেডিয়ামে রাজস্থান রয়্যালস লখনউ সুপার জায়ান্টসের ম্যাচ ছিল। লোকেশ রাহুল আবার লখনউ সুপার জায়ান্টসের অধিনায়ক। বাবা সুনীল শেট্টিকে নিয়ে স্টেডিয়ামে এসেছিলেন আথিয়া। বয়ফ্রেন্ডের খেলা দেখাতে। আর হবু শ্বশুরের সামনে বেইজ্জত লোকেশ রাহুল। ট্রেন্ট বোল্টের প্রথম বলেই ছিটকে যায় লখনউ সুপার জায়ান্টস অধিনায়কের স্টাম্প। ট্রেন্ট বোল্টের প্রথম বলেই লোকেশ রাহুলের স্টাম্প ছিটকে যেতেই সোশ্যাল মিডিয়ায় মিম ছড়িয়ে পড়ে মিম। নেটিজেনদের অনেকেই মজা করে বলতে শুরু করেন, প্রথম বলে আউট হওয়ার আর দিন পেলেন না লোকেশ রাহুল! বাবাকে নিয়ে খেলা দেখতে এসেছেন গালফ্রেন্ড। আর সেদিনই কিনা বেইজ্জত হল! সোশ্যাল মিডিয়ায় মিমের বন্যা শুরু হয়। এক নেটিজেন লেখেন, আথিয়া ও সুনীল শেট্টি, মেয়েবাবা মিলে রাহুলকে দেখতে এলেন। আর ভাই, শূন্য রানেই আউট হয়ে গেলেন। অন্য এক নেটিজেন লেখেন, আথিয়া শেট্টির সামনে মানসম্মান ডুবিয়ে দিলেন লোকেস রাহুল। শ্বশুর সুনীল শেট্টি নতুন জামাই খুঁজতে বেরিয়ে গিয়েছেন। আর একজন সুনীল ও আথিয়ার ছবি পোস্ট করে লেখেন, আথিয়াকে সুুনীল বলছেন, এই তোমার বয়ফ্রেন্ড? রবিবার মুম্বইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে লখনউ সুপার জায়েন্টসের বিরুদ্ধে প্রথমে ব্যাট করে নির্ধারিত ২০ ওভারে ৬ উইকেটে ১৬৫ রান তোলে রাজস্থান রয়্যালস। সেই রান তাড়া করতে নামেন রাহুল এবং কুইন্টন ডিকক। কিন্তু লখনউয়ের ইনিংসের প্রথম বলেই আউট হয়ে যান রাহুল। ট্রেন্ট বোল্টের দক্ষতার কাছে হার মানেন। অফস্টাম্পের বাইরে পড়া বল শেষমুহূর্তে বল সুইং করে লোকেশ রাহুলের ব্যাট এবং প্যাডের মধ্যে দিয়ে স্টাম্পে আছড়ে পড়ে।

এপ্রিল ১১, ২০২২
খেলার দুনিয়া

‌৭ উইকেটে বিধ্বস্ত ভারত, সিরিজ দক্ষিণ আফ্রিকার, শেহবাগের রেকর্ড স্পর্শ কোহলির

টেস্ট সিরিজে পিছিয়ে থেকে দুর্দান্ত জয় তুলে নিয়েছিল দক্ষিণ আফ্রিকা। একদিনের সিরিজে ভারতকে কোনও সুযোগই দিল না। প্রথম একদিনের ম্যাচে ৩১ রানে জিতে সিরিজে এগিয়ে গিয়েছিল। দ্বিতীয় একদিনের ম্যাচে ৭ উইকেটে হারিয়ে একম্যাচ বাকি থাকতেই সিরিজ জিতে নিল দক্ষিণ আফ্রিকা। ২০১৮ সালে ঘরের মাঠে একদিনের সিরিজ হারের মধুর প্রতিশোধ নিল প্রোটিয়ারা।পার্লের বোল্যান্ড পার্কে দ্বিতীয় একদিনের ম্যাচে টস ভাগ্য অবশ্য সহায় হয়েছিল লোকেশ রাহুলের। আগের ম্যাচে পরে ব্যাট করতে গিয়ে মন্থর উইকেটে সমস্যা হয়েছিল। সেকথা মাথায় রেখে এদিন টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছিলেন লোকেশ রাহুল। ভাল শুরু করেছিলেন ভারতীয় দলের দুই ওপেনার রাহুল ও শিখর ধাওয়ান। ওপেনিং জুটিতে ওঠে ৬৩। এরপরই ছন্দপতন। ৩৮ বলে ২৯ রান করে এইডেন মার্করামের বলে আউট হন শিখর ধাওয়ান। পরের ওভারেই বিরাট কোহলিকে (০) তুলে নেন কেশব মহারাজ। ভারত হারলেও এদিন বীরেন্দ্র শেহবাগের রেকর্ড স্পর্শ করলেন বিরাট কোহলি। বীরেন্দ্র শেহবাগ ৩৭৪টি আন্তর্জাতিক ম্যাচে ৩১ বার শূন্যে আউট হয়েছিলেন। বিরাট কোহলি নিজের ৪৫০তম আন্তর্জাতিক ম্যাচে শেহবাগের সেই রেকর্ড স্পর্শ করলেন। শেহবাগ টেস্টে ১৬ বার, একদিনের আন্তর্জাতিকে ১৪ বার এবং টি ২০ আন্তর্জাতিকে একবার শূন্যে আউট হয়েছেন। ফলে বিরাট এদিন একদিনের আন্তর্জাতিকে শেহবাগের ১৪ বার শূন্য রানে আউট হওয়ার নজির স্পর্শ করলেন।এক ওভারের ব্যবধানে পরপর দুটি উইকেট হারিয়ে চাপে পড়ে যায় ভারত। অধিনায়ক লোকেশ রাহুল ও ঋষভ পন্থের চওড়া ব্যাট ভারতকে চাপ থেকে বার করে নিয়ে আসে। জুটিতে ওঠে ১১৫ রান। জুটি ভাঙেন সিসান্দা মাগালা। তুলে নেন লোকেশ রাহুলকে। ৭৯ বলে ৫৫ রান করে আউট হন রাহুল। পরের ওভারেই তাবরেজ সামসির বলে আউট হন ঋষভ পন্থ। ৭১ বলে তিনি করে ৮৫। এটাই ঋষভের একদিনের ক্রিকেটে সর্বোচ্চ রান। পরপর দুটি উইকেট হারিয়ে আবার চাপে পড়ে যায় ভারত রান তোলার গতিও কমে যায়। এর মাঝেই ৩৬.৫ ওভারের মাথায় আউট হন শ্রেয়স আয়ার (১১)। ভারতের রান তখন ২০৭/৫। ভেঙ্কটেশ আয়ার ৩৩ বলে ২২ রান করে আউট হন। শার্দূল ঠাকুর (৩৮ বলে অপরাজিত ৪০) ও রবিচন্দ্রন অশ্বিনের (২৪ বলে অপরাজিত ২৫) সৌজন্যে ৫০ ওভারে ২৮৭/৬ রানে পৌঁছয় ভারত। তাবরেজ সামসি ৯ ওভারে ৫৭ রানে ২টি, কেশব মহারাজ ৯ ওভারে ৫২ রানে ১টি, এইডেন মার্করাম ৮ ওভারে ৩৪ রানে ১টি, সিসান্ডা মাগালা ৮ ওভারে ৬৪ রানে ১টি, ফেলুকায়ো ৮ ওভারে ৪৪ রান দিয়ে ১ উইকেট নেন।জয়ের জন্য ২৮৮ রানের লক্ষ্য নিয়ে ব্যাট করতে নেমে দারুণ শুরু করেছিলেন দক্ষিণ আফ্রিকার দুই ওপেনার জানেমান মালান ও কুইন্টন ডিকক। প্রথম ম্যাচে ব্যর্থ হলেও এদিন ভারতীয় বোলারদের কোনও সুযোগই দেননি। যশপ্রীত বুমরা, ভুবনেশ্বর কুমারদের ওপর চূড়ান্ত দাপট দেখিয়ে ওপেনিং জুটিতে মালান ও ডিকক তোলেন ১৩২। শার্দূল ঠাকুর এসে জুটি ভাঙেন। তুলে নেন ডিকককে। ৬৬ বলে ৭৮ রান করে আউট হন ডিকক। ডিকক ফিরে গেলেও চাপে পড়েনি দক্ষিণ আফ্রিকা। জানেমান মালামনের সঙ্গে জুটি বেঁধে দলকে এগিয়ে নিয়ে যান অধিনায়ক তেম্বা বাভুমা। দলের ২১২ রানের মাথায় যশপ্রীত বুমরার বল ব্যাটের ভিতরের দিকে কানায় লাগিয়ে আউট হন জানেমান মালান। ১০৮ বলে ৯১ রান করেন তিনি। পরের ওভারেই যুজবেন্দ্র চাহালের বলে তাঁর হাতেই ক্যাচ দিয়ে আউট হন বাভুমা (৩৬ বলে ৩৫)। উইকেটে জমে যাওয়া দুই ব্যাটারকে পরপর দুওভারে তুলে নিয়েও দক্ষিণ আফ্রিকাকে চাপে ফেলতে পারেনি ভারত। ধীরে ধীরে দলকে জয়ের দিকে এগিয়ে নিয়ে যান এইডেন মার্করাম (৪১ বলে অপরাজিত ৩৭) ও রাসি ভ্যান ডার ডুসেন (৩৮ বলে অপরাজিত ৩৭)। ৪৮.১ ওভারে ৩ উইকেট হারিয়ে ২৮৮ রান তুলে জয়ের লক্ষ্যে পৌঁছে যায় দক্ষিণ আফ্রিকা। ভারতের হয়ে যশপ্রীত বুমরা, যুজবেন্দ্র চাহাল ও শার্দূল ঠাকুর ১টি করে উইকেট নেন।

জানুয়ারি ২১, ২০২২
খেলার দুনিয়া

‌কার ওপর নির্ভর করছে সিরিজে ভারতের সমতা ফেরানোর ভাগ্য?‌

টেস্ট সিরিজের পর একদিনের সিরিজেও কি হারতে হবে ভারতকে? পার্লের বোল্যান্ড পার্কে প্রথম ম্যাচে হারে সেই আশঙ্কাই তৈরি হয়েছে ভারতীয় দলের সামনে। সিরিজ বাঁচাতে গেলে ঘুরে দাঁড়ানো ছাড়া রাস্তা নেই লোকেশ রাহুলদের। সমতা ফরানোর জন্য ব্যাটারদের দিকেই তাকিয়ে ভারতীয় দলের অন্তর্বর্তীকালীন অধিনায়ক। সিরিজের প্রথম ম্যাচে পরাজয় ভারতীয় দলকে নিয়ে একগুচ্ছ প্রশ্ন তুলে দিয়ে গেছে। অধিনায়ক লোকেশ রাহুল পর্যন্ত প্রথম ম্যাচের পর মেনে নিয়েছেন ব্যাটারদের ব্যর্থতার জন্যই ডুবতে হয়েছে। দক্ষিণ আফ্রিকার তেম্বা বাভুমা ও রাসি ভ্যান ডার ডুসেন মিডল অর্ডারে যেরকম বড় পার্টনারশিপ গড়ে তুলেছিলেন, ভারতীয় দলের মিডল ও লোয়ার মিডল অর্ডারে সেরকম বড় কোনও পার্টনারশিপ গড়ে ওঠেনি। শিখর ধাওয়ান ও বিরাট কোহলি আউট হওয়ার পর ধস নামে ভারতীয় শিবিরে। সব থেকে বড় কথা, ২০১৯ বিশ্বকাপের পর ২ বছরেও বেশি সময় অতিক্রান্ত, এখনও চার নম্বর জায়গায় উপযুক্ত ব্যাটার খুঁজে পেল না ভারতীয় টিম ম্যানেজমেন্ট। দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে প্রথম ম্যাচে ঋষভ পন্থকে খেলানো হয়েছিল। তিনিও ব্যর্থ।প্রশ্ন উঠেছে প্রথম ম্যাচে লোকেশ রাহুলের নেতৃত্ব নিয়েও। হার্দিক পান্ডিয়ার পরিবর্তে অলরাউন্ডার হিসেবে ভেঙ্কটেশ আয়ারকে দলে নেওয়া হয়েছে। অথচ প্রথম ম্যাচে তাঁকে ১ ওভারও বল দেওয়া হয়নি। বুমরা, অশ্বিনরা যখন বাভুমাডুসেনের জুটি ভাঙতে পারছিলেন না, তখন ভেঙ্কটেশকে দেখে নিতেই পারতেন লোকেশ রাহুল। মাঠের মধ্যে ভারতীয় ক্রিকেটারদের বডি ল্যাঙ্গুয়েজও ইতিবাচক ছিল না। তার ওপর পরের দিকে উইকেট মন্থর হয়ে যাওয়ায় ভারতীয় ব্যাটারদের শট খেলতেও অসুবিধা হয়েছে। সিরিজে সমতা ফেরাতে গেলে ব্যাটারদের যেমন দায়িত্ব নিতে হবে, জ্বলে উঠতে হবে বোলারদেরও। বিশেষ করে দুই স্পিনারকে বাড়তি দায়িত্ব নিতে হবে। বোলিং বিভাগে কোনও পরিবর্তনের সম্ভাবনা না থাকলেও ব্যাটিং অর্ডারে বদল আসার সম্ভাবনা রয়েছে। সূর্যকুমার যাদবকে প্রথম একাদশে খেলানোর ভাবনা টিম ম্যানেজমেন্টের। একটা ম্যাচে ব্যর্থ বলে ভেঙ্কটেশ আয়ারকেও আবার বসানোর পক্ষপাতি নয় টিম ম্যানেজমেন্ট। সব মিলিয়ে প্রথম একাদশ নির্বাচন নিয়ে দ্বিধা রয়েছে। তবে ঘুরে দাঁড়াতে গেলে ভারতীয় ব্যাটারদের বাড়তি দায়িত্ব নিতেই হবে। পাশাপাশি সঠিক পরিকল্পনা করতে হবে লোকেশ রাহুলকেও।

জানুয়ারি ২০, ২০২২
খেলার দুনিয়া

একদিনের সিরিজে নামছে ভারত, ৭ বছর পর শুধুই ব্যাটার‌ কোহলি

কদিন আগেই লাল বলের ক্রিকেটের নেতৃত্ব থেকে সরে দাঁড়িয়েছেন বিরাট কোহলি। তার আগেই অবশ্য একদিনের ক্রিকেটের নেতৃত্ব থেকে তাঁকে সরিয়ে দিয়েছিলেন নির্বাচকরা। দীর্ঘ ৭ বছর পর আবার নেতৃত্বের আর্ম ব্যান্ড ছাড়াই মাঠে নামবেন কোহলি, সাধারণ ব্যাটার হিসেবে। নেতৃত্বের চাপমুক্ত হয়ে কোহলি কতটা জ্বলে উঠতে পারেন, সেদিকেই তাকিয়ে আপামর ক্রিকেটপ্রেমী। দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে একদিনের সিরিজে শুধু কোহলির দিকেই নয়, ক্রিকেট প্রেমীদের নজর লোকেশ রাহুলের দিকেও। চোটের জন্য রোহিত শর্মা ছিটকে যাওয়ায় নেতৃত্বের দায়িত্ব লোকেশ রাহুলের কাঁধে। অনেকেই ভবিষ্যতের নেতা হিসেবে তাঁকেই দেখতে শুরু করেছেন। এই অবস্থায় দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে একদিনের সিরিজ রাহুলের কাছে অগ্নিপরীক্ষা। তাঁর নেতৃত্বের দিকে নজর থাকবে সকলেরই। কোহলির কাছ থেকে কতটা সাহায্য পান সেটাও দেখার। লোকেশ রাহুলেন কাছে যেমন নেতৃত্বের অগ্লিপরীক্ষা, তেমনি ব্যাটার হিসেবে পরীক্ষায় বসতে হচ্ছে শিখর ধাওয়ানকেও। দীর্ঘিদন ব্যাটে রান নেই ভারতীয় দলের এই ওপেনারের। ঋতুরাজ গায়কোয়াড় জায়গা নেওয়ার জন্য তৈরি। এই অবস্থায় দক্ষিণ আফ্রিকা সিরিজে রান না পেলে দলে জায়গা ধরে রাখাই কঠিন হয়ে যাবে শিখর ধাওয়ানের কাছে। ২০২৩ বিশ্বকাপের লক্ষ্যে এখন থেকেই দল তৈরি করে নেওয়াই লক্ষ্য ভারতীয় টিম ম্যানেজমেন্টের। শক্তির বিচারে এগিয়ে থেকেই মাঠে নামবে ভারত। রোহিত শর্মা না থাকায় লোকেশ রাহুল ওপেন করবেন। ম্যাচের আগের দিন সাংবাদিক সম্মেলনে সেই ইঙ্গিতও দিয়ে গেছেন ভারতীয় দলের অন্তর্বর্তীকালীন কোচ। তিনি বলেন, দলের প্রয়োজনে ৪৫ নম্বরেও ব্যাটিং করেছি। কিন্তু এই সিরিজে রোহিত নেই। তাই ওপেন করব। পুরো সিরিজের কথা না ভেবে আপাতত এক একটা ম্যাচ ধরে এগোতে চান লোকেশ রাহুল। মহেন্দ্র সিং ধোনি, বিরাট কোহলির মতো অধিনায়কদের অধীনে খেলেছেন। তাঁদের কাছে যা শিখেছেন, সেটাই কাজে লাগাতে চান। পার্লের বোল্যান্ড পার্কের উইকেটে স্পিনাররা সাহায্য পেতে পারেন। তাই দুই স্পিনার নিয়ে মাঠে নামার পরিকল্পনা ভারতীয় শিবিরের। রবিচন্দ্রন অশ্বিনের সঙ্গে যুজবেন্দ্র চাহাল। দক্ষিণ আফ্রিকা সিরিজে দলে সুযোগ পাননি হার্দিক পান্ডিয়া। অলরাউন্ডার হিসেবে অভিষেক হতে চলেছে ভেঙ্কটেশ আয়ারের। লোকেশ রাহুলের সঙ্গে ওপেন করবেন শিখর ধাওয়ান। তিনে বিরাট কোহলি, চারে সূর্যকুমার যাদব, পাঁচে ঋষভ পন্থ। তিন জোরে বোলার দীপক চাহার, শার্দূল ঠাকুর কিংবা ভুমনেশ্বর কুমার ও যশপ্রীত বুমরা।

জানুয়ারি ১৮, ২০২২
খেলার দুনিয়া

India vs South Africa Test : কোহলির না থাকার ধাক্কা সামলাতে ব্যর্থ ভারত, দ্বিতীয় টেস্টে কেন ব্যাটিং বিপর্যয়?‌

ওয়ান্ডারার্সে ইতিহাসের হাতছানি ভারতীয় দলের সামনে। দ্বিতীয় টেস্ট জিতলেই দক্ষিণ আফ্রিকার মাটিতে প্রথম টেস্ট জয়ের স্বাদ পাবে। অথচ এইরকম গুরুত্বপূর্ণ টেস্টে চোটের জন্য ছিটকে গেলেন বিরাট কোহলি? যতই ফর্মে না থাকুন, কোহলির খেলা আর না খেলার মধ্যে আকাশপাতাল পার্থক্য রয়েছে। যেটা প্রমাণ হয়ে গেল জোহানেসবার্গে। ওয়ান্ডারার্সে চূড়ান্ত ব্যাটিং বিপর্যয় ভারতের। ৬৩.১ ওভারে গুটিয়ে গেল মাত্র ২০২ রানে। সর্বোচ্চ রান ভারপ্রাপ্ত অধিনায়ক লোকেশ রাহুলের।জোহানেসবার্গের উইকেট বরাবরই জোরে বোলারদের সহায়ক। যার ফায়দা তুলে নিলেন ডোয়েন অলিভিয়ের, মার্কো জানসেন, কাগিসো রাবাডারা। যদিও উইকেট দেখে শুরুর দিকে কিছুটা ফ্ল্যাট মনে হয়েছিল। টসে জিতে লোকেশ রাহুল ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছিলেন। ভাল শুরু করেছিলেন ভারতীয় দলের দুই ওপেনার লোকেশ রাহুল ও মায়াঙ্ক আগরওয়াল। ওপেনিং জুটিতে ওঠে ৩৬। পঞ্চদশ ওভারের প্রথম বলেই মায়াঙ্ক আগরওয়ালকে (২৬) তুলে নেন মার্কো জানসেন। ক্রিজে নেমে সতর্কভাবে ব্যাট করছিলেন চেতেশ্বর পুজারা। মাথার ওপর বাদ যাওয়ার খাঁড়া ঝুলছে। চাপ নিতে পারলেন না। ডোয়েন অলিভিয়েরের বলে বাভুমার হাতে সহজ ক্যাচ দিয়ে আউট হন পুজারা (৩)। পরের বলেই খোঁচা দিয়ে ড্রেসিংরুমের পথে অজিঙ্ক রাহানে (০)। নিজেদের টেস্ট কেরিয়ার বাঁচাতে আর মাত্র একটা ইনিংস সুযোগ পাবেন ভারতীয় দলের এই দুই মিডল অর্ডার ব্যাটার।বিরাট কোহলি চোটের জন্য ছিটকে যাওয়ায় সুযোগ পেয়েছেন হনুমা বিহারী। কারণ শ্রেয়স আয়ারও অসুস্থ। কিন্তু সুযোগ কাজে লাগাতে পারলেন না বিহারী। ব্যক্তিগত ২ রানের মাথায় একবার জীবন পেয়ে ৫৩ বলে ২০ রান করে রাবাডার বলে আউট হন। ঋষভ পন্থ ১৭ রান করে মার্কো জানসেনের ভেতরে ঢুকে আসা বলে উইকেটের পেছনে ক্যাচ দিয়ে আউট হন।নেতৃত্বের ব্যাটন দায়িত্ববোধ বাড়িয়ে দিয়েছিল লোকেশ রাহুলের। শুরু থেকেই সতর্কভাবে ব্যাট করে দলকে টানছিলেন। অর্ধশতরান পূরণ করার পর মনসংযোগ হারান। মার্কো জানসেনের অফ স্টাম্পের বাইরের বল পুল করতে গিয়ে ফাইন লেগে কাগিসো রাবাডার হাতে ধরা পড়েন। ১৩৩ বলে ৫০ রান করেন লোকেশ রাহুল। লোকেশ রাহুল আউট হওয়ার পরই ভারতের বড় রানের স্বপ্ন শেষ হয়ে যায়। পরের দিকে সঙ্গী পাবেন না ভাবেই আক্রমণাত্মক ব্যাটিং শুরু করেন রবিচন্দ্রন অশ্বিন (৫০ বলে ৪৬)। তাঁর ও যশপ্রীত বুমরার (অপরাজিত ১৪) সৌজন্যে ২০০ রানের গন্ডি পার হয় ভারত। দক্ষিণ আফ্রিকার হয়ে মার্কো জানসেন ৩১ রানে ৪টি, কাগিসো রাবাডা ও ডোয়েন অলিভিয়ের ৬৪ রানে ৪টি করে উইকেট পান।

জানুয়ারি ০৩, ২০২২
খেলার দুনিয়া

India Cricket : কোহলির সহকারী হিসেবে বেছে নেওয়া হল লোকেশ রাহুলকে, সেঞ্চুরিয়ানে কোথায় রয়েছে ভারতীয় দল?‌

রোহিত শর্মা টেস্ট সিরিজ থেকে ছিটকে যাওয়ার পর দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে টেস্ট সিরিজে সহ অধিনায়কের দায়িত্ব কার হাতে তুলে দেওয়া হবে, তা নিয়ে জল্পনা ছিল। দৌড়ে এগিয়ে ছিলেন লোকেশ রাহুল। প্রত্যাশামতোই তাঁকে বিরাট কোহলির সহকারি হিসেবে বেছে নিলেন নির্বাচকরা। শনিবার সহকারী কোচ হিসেবে লোকেশ রাহুলের নাম ঘোষণা করেছে ভারতীয় ক্রিকেট বোর্ড। তাঁকেই যে ভবিষ্যতের টেস্ট অধিনায়ক হিসেবে ভাবতে চলেছে ভারতীয় ক্রিকেট বোর্ড, এই সিদ্ধান্তে পরিস্কার।টেস্ট দল ঘোষণার সময় অজিঙ্ক রাহানেকে সরিয়ে সহ অধিনায়ক হিসেবে বেছে নেওয়া হয়েছিল রোহিত শর্মাকে। মুম্বইয়ে অনুশীলনের সময় হ্যামস্ট্রিংয়ে চোট পেয়ে দক্ষিণ আফ্রিকা সিরিজ থেকে ছিটকে যান তিনি। তখন থেকেই আলোচনা চলছিল, রোহিতের পরিবর্তে কাকে সহ অধিনায়কের দায়িত্ব দেওয়া হবে। রোহিতের পরিবর্ত হিসেবে গুজরাটের ওপেনার প্রিয়ঙ্ক পাঞ্চালকে দলে নেওয়া হলেও বোর্ডের পক্ষ থেকে জানানো হয় সহ অধিনায়কের নাম পরে ঘোষণা করা হবে। সেই মতো শনিবার লোকেশ রাহুলের নাম ঘোষণা করা হল। এই মুহূর্তে রোহিত জাতীয় ক্রিকেট অ্যাকাডেমিতে রিহ্যাব করছেন। চোট পাওয়া আর এক ক্রিকেটার রবীন্দ্র জাদেজাও রোহিতের সঙ্গে জাতীয় ক্রিকেট অ্যাকাডেমিতে রয়েছেন।নির্বাচকরা আশা করছেন টেস্ট সিরিজ থেকে ছিটকে গেলেও একদিনের সিরিজের আগে ফিট হয়ে যাবেন রোহিত। আর রোহিত যদি একান্তই ফিট না হতে পারেন, সেক্ষেত্রে বিকল্পও ভেবে রেখেছেন নির্বাচকরা। লোকেশ রাহুলকে একদিনের সিরিজের অধিনায়ক করা হবে। এই মুহূর্তে তিনি নিজেকে তিন ধরণের ফরম্যাটে অপরিহার্য প্রমাণ করেছেন। ইংল্যান্ড সফরে চোটের জন্য মায়াঙ্ক আগরওয়াল ছিটকে যাওয়ায় প্রথম একাদশে জায়গা করে নেন লোকেশ রাহুল। সুযোগ পেয়েই নিজেকে অপরিহার্য প্রতিপন্ন করেছেন।এদিকে, দক্ষিণ আফ্রিকায় পৌঁছে প্রস্তুতিতে নেমে পড়ল ভারতীয় দল। শনিবার সেঞ্চুরিয়ানে ফুটভলি খেলেন বিরাট কোহলিরা। মুম্বইয়ে ৩ দিনের কোয়ারেন্টিন পর্ব কাটিয়ে দক্ষিণ আফ্রিকা উড়ে যায় ভারতীয় দল। সেঞ্চুরিয়ানে পৌঁছে একদিনের আইসোলেশনে ছিলেন কোহলিরা। তারপর অনুশীলনে নেমে পড়লেন। করোনা আতঙ্কের জন্য ভারতীয় দলকে পাঁচতারা হোটেলের পরিবর্তে রিসর্টে রাখা হয়েছে।

ডিসেম্বর ১৮, ২০২১
খেলার দুনিয়া

Lokesh Rahul : দক্ষিণ আফ্রিকা সফরে বিরাট কোহলির ডেপুটি কে? এগিয়ে এই ক্রিকেটার

অজিঙ্ক রাহানের হাতেই কি ফিরিয়ে দেওয়া হবে ভারতীয় দলের সহ অধিনায়কের দায়িত্ব? না, বিরাট কোহলির ডেপুটি হিসেবে নতুন কাউকে বেছে নেওয়া হবে? দ্বিতীয় পথেই হাঁটতে চলেছেন ভারতীয় দলের নির্বাচকরা। রোহিত শর্মার পরিবর্তে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে টেস্ট সিরিজে লোকেশ রাহুলের হাতেই দায়িত্ব দিতে চলেছে চেতন শর্মার নেতৃত্বাধীন জাতীয় নির্বাচকমণ্ডলী। দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে টেস্ট সিরিজের জন্য অজিঙ্ক রাহানেকে সরিয়ে কদিন আগেই রোহিত শর্মার হাতে সহ অধিনায়কের দায়িত্ব তুলে দিয়েছিলেন নির্বাচকরা। টেস্ট সিরিজের জন্য মুম্বইয়ের বান্দ্রা কুরলা স্পোর্টস কমপ্লেক্সে প্রস্তুতি সারছিলেন রোহিত। অনুশীলন করার সময় বাঁ পায়ের হ্যামস্ট্রিংয়ে চোট পান ভারতীয় দলের এই ওপেনার। টেস্ট সিরিজ থেকে ছিটকে যান। তাঁর পরিবর্তে ওপেনার হিসেবে দলে নেওয়া হয়েছে গুজরাটের প্রিয়ঙ্ক পাঞ্চালকে। প্রিয়ঙ্ক পাঞ্চালকে দলে নেওয়া হলেও সহ অধিনায়ক কাকে করা হবে তা নিয়ে জল্পনা তুঙ্গে। অজিঙ্ক রাহানের হাতে আবার সহ অধিনায়কের দায়িত্ব তুলে দিয়ে পেছনে ফিরে তাকাতে চায় না ভারতীয় ক্রিকেট বোর্ড। দলে সিনিয়র হিসেবে রয়েছেন চেতেশ্বর পুজারা, রবিচন্দ্রন অশ্বিনরা। যেরকম ফর্মে রয়েছেন, তাতে প্রথম একাদশে জায়গা নিশ্চিত নয় পুজারার। রবিচন্দ্রন অশ্বিনের কোনও পর্যায়ে দলকে নেতৃত্ব দেওয়ার অভিজ্ঞতা নেই। ওয়ার্কলোড ম্যানেজমেন্টের কথা ভেবে যশপ্রীত বুমরার হাতে সহ অধিনায়কের দায়িত্ব তুলে দিতে চান না নির্বাচকরা। যোগ্যতার নিরিখে লোকেশ রাহুল এগিয়ে। তাঁর নেতৃত্ব দেওয়ার অভিজ্ঞতা রয়েছে। প্রথম একাদশেও তাঁর জায়গা নিশ্চিত। তাই সবদিক দিয়ে লোকেশ রাহুলকেই বেছে নিতে চলেছেন নির্বাচকরা।বৃহস্পতিবার বিকেলে দক্ষিণ আফ্রিকার উদ্দেশ্যে রওনা হবে ভারতীয় ক্রিকেট দল। তার আগে মুম্বইয়ে ২দিন কোয়ারেন্টিনে ছিল। ২৬ ডিসেম্বর থেকে সেঞ্চুরিয়ানে প্রথম টেস্ট শুরু। ভারতীয় দল সেঞ্চুরিয়ানে পৌঁছনোর পর সহ অধিনায়কের নাম ঘোষণা করা হবে। ভবিষতের নেতা হিসেবে লোকেশ রাহুল, ঋষভ পন্থদের তৈরি করতে চায় ভারতীয় ক্রিকেট বোর্ড। ঋষভ পন্থের তুলনায় লোকেশ রাহুল বেশি অভিজ্ঞ হওয়ায় তাঁকেই দায়িত্ব দেওয়া হচ্ছে।

ডিসেম্বর ১৫, ২০২১
খেলার দুনিয়া

Lokesh Rahul : কেন জরিমানার কবলে পড়তে হল লোকেশ রাহুলকে?‌

লর্ডসে দ্বিতীয় টেস্টে তাঁর দুরন্ত সেঞ্চুরি জয়ের ভিত গড়ে দিয়েছিল ভারতের। চলতি সিরিজে বলতে গেলে তিনিই ভারতীয় ব্যাটিংয়ের অন্যতম মুখ। ওভাল টেস্টের দ্বিতীয় ইনিংসে হাফ সেঞ্চুরির দিকে এগোচ্ছিলেন। ব্যক্তিগত ৪৬ রানের মাথায় জেমস অ্যান্ডারসনের বলে আউট হতেই মেজাজ হারিয়ে ফেলেন লোকেশ রাহুল। আম্পায়ারের অসন্তোষ প্রকাশ করে আর্থিক জরিমানার কবলে পড়েছেন ভারতীয় দলের এই ওপেনার। ওভালে ভারতের দ্বিতীয় ইনিংসের ৩৪তম ওভারে বোলিং করছিলেন ইংল্যান্ডের জেমস অ্যান্ডারসন। ওভারের শেষ বলে পরাস্ত হন লোকেশ রাহুল। তাঁর বিরুদ্ধে কট বিহাইন্ডের আবেদন জানান ইংল্যান্ডের ক্রিকেটাররা। অনফিল্ড আম্পায়ার আবেদন নাকচ করে দেন। তখন ডিআরএসের আশ্রয় নেন ইংল্যান্ড অধিনায়ক জো রুট। টিভি আম্পায়ার রিপ্লে দেখে অনফিল্ড আম্পায়ারকে সিদ্ধান্ত বদলের পরামর্শস দেন। রিপ্লেতে একটা শব্দ শুনে টিভি আম্পায়ার মনে করেছিলেন অ্যান্ডারসনের বল লোকেশ রাহুলের ব্যাট স্পর্শ করে উইকেটরক্ষক জনি বেয়ারস্টোর হাতে পৌঁছেছে। ফলে রাহুলকে আউট দেওয়ার পরামর্শ দেন। আম্পায়ারের সেই সিদ্ধান্ত মেনে নিতে পারেননি লোকেশ রাহুল। মাথা নাড়তে নাড়তে তিনি সাজঘরে ফেরেন। রাহুলের দাবি বল তাঁর ব্যাটে নয়, ব্যাট তাঁর প্যাডে লাগায় আওয়াজ হয়েছে।আম্পায়ারের সিদ্ধান্তে অসন্তোষ প্রকাশ করা লোকেশ রাহুল আইসিসির কোড অফ কনডাক্টের ২.৮ ধারা লঙ্ঘন করেছেন। তাই তাঁকে শাস্তির মুখে পড়তে হয়েছে। ভারতীয় এই ওপেনারের ম্যাচ ফির ১৫ শতাংশ কেটে নেওয়া হয়েছে। রাহুলের শৃঙ্খলার রেকর্ডে একটা ডিমেরিট পয়েন্ট যোগ হয়েছে। ম্যাচের অনফিল্ড আম্পায়ার অ্যালেক্স হোয়ার্ফ, রিচার্ড ইলিংওর্থ, তৃতীয় আম্পায়ার মাইকেল গফ ও ম্যাচ রেফারি ক্রিস ব্রডের সম্মিলিত সিদ্ধান্ত রাহুল মেনে নিয়েছেন। ওভাল টেস্টে প্রথম ইনিংসে মাত্র ১৭ রান করে আউট হয়েছিলেন লোকেশ রাহুল। দ্বিতীয় ইনিংসে দারুণভাবে ঘুরে দাঁড়িয়েছিলেন এই ভারতীয় ওপেনার। ডিআরএস সিদ্ধান্তে লোকেশ রাহুল যখন আউট হন, তিনি হাফ সেঞ্চুরি থেকে মাত্র ৪ রান দুরে। ১০১ বল খেলে তিনি এই রান করেন। দারুণ ব্যাট করছিলেন। বড় রানের দিকে এগোচ্ছিলেন। কিন্তু আম্পায়ারের সিদ্ধান্তে ফিরে যেতে হয়। ওভালে ভারত ও ইংল্যান্ডের চতুর্থ টেস্টে দুই দলের হাড্ডাহাড্ডি লড়াই চলছে। এর মধ্যেই লোকেশ রাহুলের শাস্তি পরিবেশ কিছুটা হলেও গম্ভীর করেছে। শৃঙ্খলাভঙ্গের দায়ে জরিমানার কবলে পড়তে হল।

সেপ্টেম্বর ০৫, ২০২১

ট্রেন্ডিং

কলকাতা

চিকিৎসককে মারলেই ৫০ হাজার টাকা জরিমানা! হাসপাতাল ভাঙচুরে হতে পারে ৩ বছরের জেল, বড় নির্দেশ রাজ্যের

চিকিৎসকের গায়ে হাত তুললে কিংবা হাসপাতালে ভাঙচুর চালালে এ বার থেকে কড়া শাস্তির মুখে পড়তে হবে। দিতে হতে পারে সর্বোচ্চ ৫০ হাজার টাকা জরিমানা। এমনকি দোষ প্রমাণিত হলে তিন বছর পর্যন্ত জেলও হতে পারে। চিকিৎসক, নার্স এবং অন্যান্য স্বাস্থ্যকর্মীদের নিরাপত্তা নিশ্চিত করতে নতুন নির্দেশিকা জারি করল রাজ্যের স্বাস্থ্য দফতর।সাম্প্রতিক সময়ে রাজ্যের একাধিক হাসপাতালে হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটেছে। মেডিক্যাল কলেজ, নিউ টাউনের একটি বেসরকারি হাসপাতাল এবং পূর্ব বর্ধমানের একটি গ্রামীণ হাসপাতালে হামলার ঘটনা সামনে এসেছে। এই পরিস্থিতিতে হাসপাতাল ও স্বাস্থ্যকর্মীদের নিরাপত্তা আরও জোরদার করতে নতুন পদক্ষেপ করল স্বাস্থ্য দফতর।নির্দেশিকায় জানানো হয়েছে, ২০০৯ সালের পশ্চিমবঙ্গ মেডিকেয়ার সার্ভিস পার্সন্স অ্যান্ড মেডিকেয়ার সার্ভিস ইনস্টিটিউশন আইনের বিধান আরও কঠোর ভাবে কার্যকর করা হবে। সরকারি হোক বা বেসরকারি, কোনও হাসপাতাল কিংবা স্বাস্থ্যকেন্দ্রে চিকিৎসক, নার্স বা অন্য কোনও স্বাস্থ্যকর্মীর উপর হামলা হলে অভিযুক্তের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়া হবে।কোনও স্বাস্থ্যকর্মীর গায়ে হাত তোলা কিংবা হাসপাতাল বা নার্সিংহোমে ভাঙচুরের ঘটনায় অভিযুক্তকে সর্বোচ্চ ৫০ হাজার টাকা জরিমানা দিতে হতে পারে। পাশাপাশি দোষ প্রমাণিত হলে সর্বোচ্চ তিন বছরের কারাদণ্ডও হতে পারে। অভিযুক্তকে চিহ্নিত করার জন্য হাসপাতালের সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখা হবে। এই ধরনের ঘটনায় পুলিশকে জামিন অযোগ্য ধারায় মামলা করার নির্দেশও দেওয়া হয়েছে।শুধু জরিমানা বা জেলেই শেষ নয়, হাসপাতালের সম্পত্তির ক্ষতি করলে তার ক্ষতিপূরণও দিতে হবে অভিযুক্তকে। নির্দেশিকায় বলা হয়েছে, ভাঙচুরের ফলে কত টাকার ক্ষতি হয়েছে, তা আদালত খতিয়ে দেখবে। আদালতের নির্দেশ অনুযায়ী সেই ক্ষতিপূরণের টাকা হামলাকারীর কাছ থেকেই আদায় করা হবে।ইতিমধ্যেই রাজ্যের প্রতিটি জেলার পুলিশ প্রশাসনের কাছে নতুন নির্দেশিকার প্রতিলিপি পাঠিয়ে দেওয়া হয়েছে। ফলে হাসপাতাল ও স্বাস্থ্যকেন্দ্রে হামলার ঘটনায় এ বার থেকে আরও কড়া নজরদারি এবং আইনি পদক্ষেপের সম্ভাবনা তৈরি হয়েছে।স্বাস্থ্য দফতরের এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছে অ্যাসোসিয়েশন অফ প্রাইভেট হসপিটাল অ্যান্ড নার্সিংহোম। সংগঠনের তরফে চিকিৎসক রাজীব পাণ্ডে জানিয়েছেন, এই সিদ্ধান্ত অত্যন্ত সময়োপযোগী। রোগীদের নিরবচ্ছিন্ন চিকিৎসা পরিষেবা দিতে হলে চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের নিরাপত্তা নিশ্চিত করা জরুরি। সেই দিক থেকে নতুন নির্দেশিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ।

নভেম্বর ২১, ২০২৬
কলকাতা

ফেসবুকে অতিসক্রিয় কর্মীরা! তৃণমূলের গোপন তথ্য ফাঁস নিয়ে ক্ষুব্ধ মমতা, দিলেন কড়া সতর্কবার্তা

তৃণমূলের অন্দরের খবর কি দলের কর্মীদের একাংশের মাধ্যমেই বাইরে চলে যাচ্ছে? এই প্রশ্ন ঘিরেই নতুন করে চর্চা শুরু হয়েছে রাজ্যের শাসকদলের অন্দরে। দলের কর্মীদের একাংশের সোশ্যাল মিডিয়ায় অতিরিক্ত সক্রিয়তা নিয়ে সতর্ক করলেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁর স্পষ্ট বার্তা, আত্মপ্রচার করতে গিয়ে যেন অন্য কর্মীদের বিপদের মুখে ঠেলে দেওয়া না হয়।কালীঘাট শিবির সূত্রে খবর, দলের কর্মীদের উদ্দেশে মমতা বলেছেন, মুখপাত্র ছাড়াও অনেকেই সমাজমাধ্যমে অতিরিক্ত সক্রিয় হয়ে পড়ছেন। কেউ কেউ দলের কর্মসূচির খবর আগেভাগেই প্রকাশ্যে নিয়ে আসছেন। এর ফলে দলের ভিতরের গুরুত্বপূর্ণ তথ্য পুলিশ বা গোয়েন্দাদের হাতে পৌঁছে যাওয়ার আশঙ্কা তৈরি হচ্ছে। নেত্রীর সতর্কবার্তা, আত্মপ্রচারের জন্য এমন কোনও কাজ করা উচিত নয়, যাতে অন্য কর্মীরা বিপদে পড়েন।এই পরিস্থিতিতে সমাজমাধ্যমে সরব হয়েছিলেন তৃণমূল নেতা কুণাল ঘোষও। তিনি লিখেছিলেন, দল এখন কঠিন সময়ের মধ্যে দিয়ে যাচ্ছে। বহু কর্মী ঘরছাড়া। প্রতিদিন তাঁদের মারধরের মুখে পড়তে হচ্ছে। এই পরিস্থিতিতে বসে থাকার সময় নয়। বরং সবাইকে ঝাঁপিয়ে পড়ে কাজ করতে হবে এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত আরও শক্ত করতে হবে।কুণাল আরও লিখেছিলেন, গদ্দারমুক্ত পরিবেশে দলের কর্মীদের আরও বেশি দায়িত্ব নিয়ে কাজ করার সুযোগ রয়েছে। পরিস্থিতি কঠিন হলেও বহু মানুষ এখনও নেত্রীর পাশে রয়েছেন। রাজ্যের বিভিন্ন প্রান্তে অনেক কর্মী অত্যাচারিত, বন্দি, ঘরছাড়া এবং কর্মহারা হয়েও তৃণমূলের প্রতি অনুগত রয়েছেন। তাই এই সময়ে অপরিণত বা উদ্দেশ্যপ্রণোদিত কাজ করা একেবারেই কাম্য নয়। বারবার বুঝিয়েও কাজ না হলে আরও কঠোর পদক্ষেপের প্রয়োজন বলেও ইঙ্গিত দিয়েছিলেন তিনি।দলের কর্মীদের উদ্দেশে কুণালের সেই বার্তার পর এ বার কার্যত একই সুর শোনা গেল মমতা বন্দ্যোপাধ্যায়ের কথাতেও। আত্মপ্রচার করতে গিয়ে দলের অন্য কর্মীদের বিপদে না ফেলার জন্য স্পষ্ট নির্দেশ দিয়েছেন তৃণমূল নেত্রী। ফলে তৃণমূলের অন্দরে সমাজমাধ্যমে কর্মীদের অতিসক্রিয়তা এবং দলের গোপন তথ্য বাইরে চলে যাওয়া নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে।

নভেম্বর ২১, ২০২৬
দেশ

যে ভারতকে ‘ডেড ইকোনমি’ বলেছিলেন, সেই দেশেরই প্রশংসায় পঞ্চমুখ ট্রাম্প! রাহুলকে নিশানা বিজেপির

একসময় ভারতকে ডেড ইকোনমি বা মৃত অর্থনীতি বলে কটাক্ষ করেছিলেন তিনি। সেই মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মুখেই এ বার ভারতের অর্থনীতির প্রশংসা! শুধু তা-ই নয়, ভারতের সুদের হার কম রাখার নীতির উদাহরণ টেনে আমেরিকাকেও একই পথে হাঁটার পরামর্শ দিয়েছেন তিনি। ট্রাম্পের এই মন্তব্যকে হাতিয়ার করেই এ বার কংগ্রেস এবং লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধীকে আক্রমণ করল বিজেপি।গত শুক্রবার হোয়াইট হাউসে সাংবাদিকদের মুখোমুখি হয়ে ভারতের আর্থিক বৃদ্ধির কথা বলেন ট্রাম্প। তাঁর দাবি, ভারতে সুদের হার কম থাকা সত্ত্বেও দেশের মোট অভ্যন্তরীণ উৎপাদন বা জিডিপি প্রায় ৭ শতাংশ হারে বেড়েছে। আমেরিকাতেও সুদের হার কমানো হলে দেশের অর্থনীতি আরও দ্রুত বাড়তে পারত বলে মনে করেন তিনি।ট্রাম্প বলেন, ভারতের মতো সুদের হার কম থাকলে আমেরিকার জিডিপি ১৪, ১৫ এমনকি ২০ শতাংশ পর্যন্ত হতে পারত। তাঁর আরও বক্তব্য, ভারতের সুদের হার কম হওয়া সত্ত্বেও দেশটির জিডিপি ৭ শতাংশ বেড়েছে। আমেরিকার কেন্দ্রীয় ব্যাঙ্ক ফেডারেল রিজার্ভও যদি ভারতের মতো নীতি অনুসরণ করে, তা হলে মার্কিন অর্থনীতি আরও শক্তিশালী হতে পারে।আমেরিকার কেন্দ্রীয় ব্যাঙ্কের সুদের হার নীতি নিয়েও ক্ষোভ প্রকাশ করেন ট্রাম্প। তাঁর অভিযোগ, সুদের হার বেশি রাখার ফলে দেশের অর্থনীতির ক্ষতি হচ্ছে। কেন্দ্রীয় ব্যাঙ্কের সিদ্ধান্তের সমালোচনা করে তিনি বলেন, আমেরিকার অর্থনীতিকে এগিয়ে নিয়ে যেতে সুদের হার কমানো প্রয়োজন।ট্রাম্পের এই মন্তব্যকেই এ বার কংগ্রেসের বিরুদ্ধে হাতিয়ার করেছে বিজেপি। সমাজমাধ্যমে বিজেপি নেতা আশিস সুদ রাহুল গান্ধীকে নিশানা করেন। তাঁর বক্তব্য, ট্রাম্পের মন্তব্য থেকেই স্পষ্ট যে বিশ্বের বিভিন্ন দেশ ভারতের অর্থনৈতিক বৃদ্ধিকে স্বীকৃতি দিচ্ছে। অথচ রাহুল গান্ধী এবং কংগ্রেস দেশের সাফল্য দেখতে চাইছেন না। দেশের প্রতিটি বিষয়েই তাঁরা অকারণে বিরোধিতা করছেন বলে অভিযোগ করেন তিনি।বিজেপি সাংসদ প্রবীণ খান্ডেলওয়ালও এই প্রসঙ্গে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বের প্রশংসা করেন। তাঁর দাবি, নানা কঠিন পরিস্থিতির মধ্যেও ভারতের অর্থনীতি স্থিতিশীল রয়েছে। মোদী সরকারের নেতৃত্বেই এই সাফল্য এসেছে বলে মন্তব্য করেন তিনি।তবে ট্রাম্পের এই মন্তব্য ঘিরে সবচেয়ে বেশি চর্চা হচ্ছে তাঁর আগের অবস্থান নিয়ে। ২০২৫ সালের জুলাই মাসে ভারতকে ডেড ইকোনমি বলে কটাক্ষ করেছিলেন মার্কিন প্রেসিডেন্ট। ভারতের বাণিজ্য নীতি এবং রাশিয়ার সঙ্গে সম্পর্ক নিয়েও সেই সময় সমালোচনা করেছিলেন তিনি।সেই ট্রাম্পের মুখেই এখন ভারতের অর্থনীতির প্রশংসা। একদিকে ভারতের আর্থিক বৃদ্ধির স্বীকৃতি, অন্যদিকে আমেরিকার সুদের হার কমানোর পক্ষে সওয়াল। ট্রাম্পের এই অবস্থান পরিবর্তন ঘিরেই নতুন করে রাজনৈতিক মহলে শুরু হয়েছে আলোচনা।

নভেম্বর ২১, ২০২৬
দেশ

আমার কথা শুনেই কমেছে সোনার দাম! দেশবাসীকে ধন্যবাদ জানিয়ে কী বললেন মোদী?

বিয়ের মরশুমে সোনার দাম নিয়ে সাধারণ মানুষের আগ্রহ তুঙ্গে। এর মধ্যেই সোনার দাম কমা নিয়ে বড় মন্তব্য করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তাঁর দাবি, এক বছর আগে দেশবাসীকে খুব প্রয়োজন না হলে সোনা না কেনার আবেদন জানিয়েছিলেন তিনি। সেই আবেদনে সাড়া দিয়েছেন সাধারণ মানুষ। আর তাতেই সোনার দাম কমেছে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী। একই সঙ্গে তাঁর কথা মেনে চলার জন্য দেশবাসীকে ধন্যবাদও জানিয়েছেন তিনি।শনিবার লখনউয়ে আইআইটির ৭৫ বছর পূর্তি উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে যোগ দেন মোদী। সেখানেই দেশের অর্থনীতি এবং সোনার দাম নিয়ে কথা বলেন তিনি। প্রধানমন্ত্রী জানান, প্রায় এক বছর আগে দেশবাসীর কাছে তাঁর আবেদন ছিল, খুব প্রয়োজন না হলে এক বছর যেন কেউ সোনা না কেনেন।সেই প্রসঙ্গ টেনে মোদী বলেন, এক বছর আগে আমি দেশবাসীর কাছে আবেদন করেছিলাম, খুব প্রয়োজন না হলে এক বছর সোনা কিনবেন না। লালবাহাদুর শাস্ত্রীজি যখন দেশবাসীকে এক বেলা খাবার ছেড়ে দেওয়ার আবেদন করেছিলেন, তখনও দেশের মানুষ সেই কথা মেনে নিয়েছিলেন। আজও মানুষের মধ্যে সেই মানসিকতা রয়েছে। আমার মতো একজন সাধারণ মানুষের কথায় মানুষ সোনা কেনা কমিয়েছেন। তার ফলে সোনার দাম কমেছে। আজ অনেকে আমাকে বলছেন, আপনার কথা শুনে আমাদের টাকা বেঁচে গিয়েছে।এ দিনের অনুষ্ঠানে শুধু সোনার দাম নয়, কৃত্রিম বুদ্ধিমত্তার প্রভাব এবং ভবিষ্যতের কর্মসংস্থান নিয়েও নিজের মতামত জানান প্রধানমন্ত্রী। কৃত্রিম বুদ্ধিমত্তার কারণে আগামী দিনে চাকরির সুযোগ কমে যেতে পারে বলে বিভিন্ন মহলে আশঙ্কা তৈরি হয়েছে। তবে মোদীর মতে, যাঁদের হাতে কাজের দক্ষতা রয়েছে, তাঁদের কর্মসংস্থানের সুযোগ সহজে কমবে না।প্রধানমন্ত্রী জানান, নতুন জাতীয় শিক্ষানীতিতে দক্ষতা বাড়ানোর উপর বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে। তাঁর দাবি, ২০১৪ সালের পর দেশে পাঁচ হাজার নতুন শিল্প প্রশিক্ষণ প্রতিষ্ঠান তৈরি হয়েছে। আগামী দিনে শিল্প, উৎপাদন এবং প্রযুক্তির ক্ষেত্রে দক্ষ কর্মীদের চাহিদা আরও বাড়বে বলেও মনে করেন তিনি।এই প্রসঙ্গে মোদী বলেন, আমি আজ আরও একটি কথা বলছি, আপনারা লিখে রাখুন, সময় বদলাচ্ছে। কাগজের শংসাপত্র নিয়ে কোট-প্যান্ট পরে যাঁরা ঘুরছেন, তাঁদের তুলনায় দক্ষ ও গুণী ব্যক্তিদের কদর বাড়বে।অর্থাৎ, শুধু শিক্ষাগত যোগ্যতার শংসাপত্র নয়, বাস্তবে কাজ করার দক্ষতাই আগামী দিনে কর্মসংস্থানের ক্ষেত্রে বেশি গুরুত্ব পাবে বলে বার্তা দিয়েছেন প্রধানমন্ত্রী।

নভেম্বর ২১, ২০২৬
রাজ্য

ন্যানো বিদায়ের ১৮ বছর পর সিঙ্গুরে ফিরছে গাড়ি কারখানা! এ বার ট্রাক তৈরি করবে কোন সংস্থা?

এক সময় যে সিঙ্গুরে টাটার ন্যানো গাড়ি কারখানা ঘিরে আন্দোলন, বিক্ষোভ এবং রাজনৈতিক পালাবদল হয়েছিল, সেই সিঙ্গুরেই এ বার নতুন করে শিল্পের স্বপ্ন দেখছেন বাসিন্দারা। সেখানে ট্রাক তৈরির কারখানা গড়তে চলেছে অশোক লেল্যান্ড। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বঙ্গ সফরের দিনই এই খবর জানালেন কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার।সুকান্তর দাবি, খুব শীঘ্রই সিঙ্গুরে ট্রাক তৈরির কারখানা গড়বে অশোক লেল্যান্ড। তাঁর কথায়, সৌভাগ্যবশত বাংলায় এমন একটি সরকার তৈরি হয়েছে, যারা শিল্প আনতে চায়। কিছু দিনের মধ্যেই মুখ্যমন্ত্রী জানালেন, অশোক লেল্যান্ড আসবে। তারা সিঙ্গুরে ট্রাক তৈরির কারখানা তৈরি করবে।সম্প্রতি সিঙ্গুরে গিয়ে শিল্প নিয়ে আশ্বাস দিয়েছিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। তিনি বলেছিলেন, সিঙ্গুরবাসীর অনেক স্বপ্ন ছিল। জমির চরিত্র বদলে গিয়েছে। আমরা নিশ্চিত কিছু তো করব। সিঙ্গুরের বেকার যুবকেরা পরিবেশবান্ধব শিল্প চান। সরকার সব জায়গায় কাজ করেছে।এক সময় সিঙ্গুরের জমিতে টাটার ন্যানো গাড়ি কারখানা তৈরির উদ্যোগ ঘিরে রাজ্য রাজনীতিতে তীব্র বিতর্ক তৈরি হয়েছিল। আন্দোলন, বিক্ষোভ এবং অনশনের পর শেষ পর্যন্ত সিঙ্গুর থেকে কারখানা সরিয়ে নেয় টাটা। সেই ঘটনার পর কেটে গিয়েছে প্রায় ১৮ বছর। এ বার সেই সিঙ্গুরেই নতুন করে কারখানা তৈরির সম্ভাবনা তৈরি হয়েছে।প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এ দিন খড়গপুর আইআইটিতে এসেছিলেন। সেই দিনই সিঙ্গুরে অশোক লেল্যান্ডের ট্রাক কারখানা তৈরির খবর সামনে আনলেন কেন্দ্রীয় মন্ত্রী। ফলে দীর্ঘদিন পর সিঙ্গুরে শিল্প ফিরবে কি না, সেই আশায় নতুন করে বুক বাঁধছেন স্থানীয় বাসিন্দারা।

নভেম্বর ২১, ২০২৬
বিনোদুনিয়া

স্বভূমির নতুন ঠিকানায় টলিউডের তারকাদের মিলনমেলা, ‘পাগলা ঘোড়া’র সাফল্যে সমৃদ্ধ প্রযোজনা সংস্থা, পরিচালক শেখর দাশ ও সমগ্র কলাকুশলীগণ

নতুন ঠিকানায় পথচলা শুরু করল স্বভূমি এন্টারটেইনমেন্ট। স্বভূমি এন্টারটেইনমেন্টের উদ্যোগে কর্ণধার ডঃপ্রবীর ভৌমিক, কার্যনির্বাহী প্রযোজক বিপাশা ঘোষাল, CEO তিয়াস ভট্টাচার্য ও গণমাধ্যম ও মার্কেটিং এর দায়িত্ব প্রাপ্ত রানা বসু ঠাকুর এনাদের ব্যবস্থাপনায় পোদ্দার নগরে সংস্থার নতুন অফিসে আয়োজিত হয় গৃহপ্রবেশ অনুষ্ঠান। ধর্মীয় রীতি মেনে পূজার্চনার মধ্য দিয়ে নতুন অফিসের শুভ সূচনা হয়। এই উপলক্ষে চলচ্চিত্র জগতের একাধিক পরিচিত ব্যক্তিত্বের উপস্থিতিতে অনুষ্ঠানটি হয়ে ওঠে বিশেষ আকর্ষণীয়।অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রখ্যাত চলচ্চিত্র পরিচালক শেখর দাস। তাঁর পরিচালনায় নির্মিত পাগলা ঘোড়া সম্প্রতি ৫৭তম ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল অফ ইন্ডিয়া (IFFI), গোয়ার ইন্ডিয়ান প্যানোরামা বিভাগের নির্বাচিত ফিচার ফিল্মের তালিকায় জায়গা করে নিয়েছে। বাদল সরকারের কালজয়ী নাটক অবলম্বনে নির্মিত এই ছবিটি ওই বিভাগে নির্বাচিত একমাত্র বাংলা চলচ্চিত্র। ফলে ছবিটির এই স্বীকৃতি বাংলা চলচ্চিত্র জগতের কাছে বিশেষ তাৎপর্য বহন করছে। এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পরিচালক অনির্বাণ চক্রবর্তী, অভিনেত্রী কাঞ্চনা মৈত্র, অভিনেত্রী অ্যানি-সহ টলিউডের আরও একাধিক পরিচিত মুখ। ও অভাগী-র কলাকুশলীদের সঙ্গে নিয়ে কথা বলতে গিয়ে আবেগপ্রবণ হয়ে পড়েন অনির্বাণ চক্রবর্তী। এছাড়া উপস্থিত ছিলেন প্রতিভাবান মডেল ও অভিনেত্রী পূজা গোস্বামী, অভিনেত্রী দীর্ঘই পাল, অভিনেতা জয়ন্ত হোড় সহ অন্যান্য বিশিষ্টরা।চলচ্চিত্র জগতের বিভিন্ন বিষয়, আগামী দিনের কাজ এবং বাংলা সিনেমার বর্তমান পরিস্থিতি নিয়ে অতিথিদের মধ্যে চলে আলাপচারিতা ও আড্ডা। স্বভূমি এন্টারটেইনমেন্টের নতুন অফিসের এই শুভ সূচনা শুধু একটি নতুন কর্মস্থলের সূচনা নয়, বরং চলচ্চিত্র জগতের পরিচিত মানুষদের একত্রিত হওয়ারও একটি বিশেষ উপলক্ষ হয়ে উঠেছিল।

নভেম্বর ২১, ২০২৬
খেলার দুনিয়া

রাহুলের শতরান, গিলের আক্ষেপ! ব্যাট হাতে নিউজিল্যান্ডের মাটিতে ভারতীয়দের দাপট, চালকের আসনে টিম ইন্ডিয়া

ওয়েলিংটন: নিউজিল্যান্ডের মাটিতে ব্যাট হাতে নিজেদের আধিপত্য প্রতিষ্ঠা করছে ভারত। প্রথম দিনের ধাক্কা সামলে দুর্দান্ত প্রত্যাবর্তন শুভমন গিলের দলের। ভারতীয় ব্যাটারদের ধারাবাহিক পারফরম্যান্সে প্রথম টেস্টে এখন অনেকটাই সুবিধাজনক জায়গায় রয়েছে টিম ইন্ডিয়া। তৃতীয় দিনের শেষে নিউজিল্যান্ডের প্রথম ইনিংসের রানকে ছাপিয়ে বড় লিডের পথে এগোচ্ছে ভারত।নিউজিল্যান্ডের প্রথম ইনিংসে ৩৬৮ রানের জবাবে দিনের শেষে ভারতের সংগ্রহ ৪ উইকেটে ৪৮৬। অর্থাৎ, হাতে এখনও ছয় উইকেট থাকতেই ১১৮ রানের লিড তুলে নিয়েছে ভারত। শুরু থেকে শেষ পর্যন্ত ব্যাটিংয়ে দায়িত্বশীলতার পরিচয় দিয়েছেন দলের একাধিক ব্যাটার।দিনের অন্যতম বড় প্রাপ্তি লোকেশ রাহুলের দুরন্ত শতরান। ১৩৬ রানের ইনিংসে নিজের অভিজ্ঞতা ও ধৈর্যের পরিচয় দিয়েছেন তিনি। তাঁর ব্যাট থেকে এসেছে ৯টি চার ও ২টি ছয়। টেস্ট ক্রিকেটে এটি রাহুলের দ্বাদশ শতরান। পাশাপাশি দক্ষিণ আফ্রিকা, ইংল্যান্ড, নিউজিল্যান্ড ও অস্ট্রেলিয়া চার দেশের মাটিতেই টেস্ট শতরান করে বিশেষ কৃতিত্ব অর্জন করেছেন ভারতীয় এই ওপেনার।রাহুলের সঙ্গে গুরুত্বপূর্ণ জুটি গড়ে ইনিংসকে এগিয়ে নিয়ে যান দেবদত্ত পডিক্কল। ৮০ রানের ঝকঝকে ইনিংসে তাঁর অবদান ভারতকে মজবুত ভিতের উপর দাঁড় করায়। দুজনের জুটিতে ওঠে ১৬৫ রান। এর আগে যশস্বী জয়সবালের আক্রমণাত্মক শুরু ভারতীয় ইনিংসে গতি এনে দিয়েছিল।অধিনায়ক শুভমন গিলও ব্যাট হাতে নজর কাড়েন। তবে শতরানের খুব কাছাকাছি পৌঁছেও শেষ পর্যন্ত ৯৮ রানে থেমে যেতে হয় তাঁকে। মাত্র দুই রানের জন্য সেঞ্চুরি হাতছাড়া হওয়ায় হতাশা থাকলেও তাঁর ইনিংস ভারতের অবস্থান আরও শক্ত করেছে। ৯টি চার ও ২টি ছক্কায় সাজানো গিলের ইনিংস ছিল যথেষ্ট পরিণত।দিনের শেষ ভাগে ব্যাট হাতে ঝড় তোলেন ঋষভ পন্থ। দ্রুত রান তুলে অর্ধশতরান পূর্ণ করেন তিনি। দিনের শেষে ৫৫ রানে অপরাজিত রয়েছেন পন্থ। তাঁর সঙ্গে ক্রিজে আছেন অনশুল কম্বোজ, এখনও রান করতে পারেননি।ভারতীয় ব্যাটারদের সামনে নিউজিল্যান্ডের বোলিং আক্রমণ এ দিন কার্যত নিষ্প্রভ হয়ে পড়ে। কাইল জেমিসন, নাথান স্মিথ ও ম্যাট হেনরি একটি করে উইকেট পেলেও ভারতকে চাপে রাখার মতো ধারাবাহিকতা দেখাতে পারেননি কেউই। জ্যাকব ডাফিও একটি উইকেট নিয়েছেন, তবে রান খরচ হয়েছে অনেকটাই।প্রথম দিনের ব্যর্থতা কাটিয়ে ভারত এখন ম্যাচের নিয়ন্ত্রণ অনেকটাই নিজের হাতে তুলে নিয়েছে। বাকি ব্যাটাররা যদি এই ছন্দ ধরে রাখতে পারেন, তবে নিউজিল্যান্ডের সামনে চতুর্থ দিনে বড় চ্যালেঞ্জ অপেক্ষা করছে বলেই মনে করছেন ক্রিকেট মহলের একাংশ।

নভেম্বর ২১, ২০২৬
দেশ

রাজস্থান থেকে দেহ নিয়ে কোচবিহার ফিরছিলেন! উত্তরপ্রদেশে ভয়াবহ দুর্ঘটনা, একই পরিবারের তিন ভাই-সহ মৃত ৫

রাজস্থান থেকে এক আত্মীয়ের মৃতদেহ নিয়ে কোচবিহারে ফিরছিলেন পরিবারের সদস্যেরা। কিন্তু বাড়ি ফেরা আর হল না তাঁদের। উত্তরপ্রদেশের বারাবাঁকিতে ভয়াবহ পথ দুর্ঘটনায় প্রাণ হারালেন অ্যাম্বুল্যান্সে থাকা পাঁচজন। মৃতদের মধ্যে রয়েছেন একই পরিবারের তিন সদস্য এবং দুই অ্যাম্বুল্যান্স চালক। শনিবারের এই ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে কোচবিহারে।পুলিশ সূত্রে জানা গিয়েছে, মৃতদের মধ্যে রয়েছেন ৩৮ বছরের আজিজুল হক। তিনি কোচবিহারের বালাভূ এলাকার বাসিন্দা ছিলেন। কাজের সূত্রে রাজস্থানের জয়পুরে গিয়েছিলেন তিনি। সেখানেই তাঁর মৃত্যু হয়। আজিজুলের দেহ কোচবিহারে ফিরিয়ে আনতে রাজস্থানে গিয়েছিলেন তাঁর দুই ভাই রফিকুল হক ও আমিনুল হক। তাঁদের সঙ্গে ছিলেন অ্যাম্বুল্যান্সের দুই চালক।অ্যাম্বুল্যান্সে আজিজুলের দেহ নিয়ে কোচবিহারের উদ্দেশে রওনা হয়েছিলেন তাঁরা। কিন্তু উত্তরপ্রদেশের পূর্বাঞ্চল এক্সপ্রেসওয়ের কাছে বারাবাঁকির সুবেহা থানার গেঁরোয়া গ্রামের কাছে ঘটে যায় দুর্ঘটনা। রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা একটি পিকআপ ভ্যানের পিছনে সজোরে ধাক্কা মারে দ্রুতগতিতে আসা অ্যাম্বুল্যান্সটি। ধাক্কার তীব্রতায় অ্যাম্বুল্যান্সটি দুমড়ে-মুচড়ে যায়। ভেঙে যায় গাড়ির জানলার কাচ। ক্ষতিগ্রস্ত হয় পিকআপ ভ্যানটিও।দুর্ঘটনার শব্দ শুনে স্থানীয় বাসিন্দারা ছুটে আসেন। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় পুলিশও। অ্যাম্বুল্যান্সের ভিতর থেকে পাঁচজনকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করা হয়। তাঁদের দ্রুত হায়দরগড়ের স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যাওয়া হয়। কিন্তু শেষরক্ষা হয়নি। চিকিৎসকেরা পাঁচজনকেই মৃত বলে ঘোষণা করেন।বারাবাঁকির পুলিশ সুপার জানিয়েছেন, অ্যাম্বুল্যান্সে দুজন চালক ছিলেন। মৃতদেহের সঙ্গে পরিবারের তিন সদস্যও ছিলেন। দুর্ঘটনায় সকলেরই মৃত্যু হয়েছে। ইতিমধ্যেই কোচবিহারে মৃতদের পরিবারের সঙ্গে যোগাযোগ করেছে পুলিশ। দুঃসংবাদ পৌঁছতেই শোকের ছায়া নেমে এসেছে তাঁদের বাড়িতে।কী কারণে এই দুর্ঘটনা ঘটল, তা এখনও স্পষ্ট নয়। অ্যাম্বুল্যান্সের গতি কত ছিল, চালকেরা মদ্যপ অবস্থায় ছিলেন কি না, তা-ও খতিয়ে দেখছে পুলিশ। দুর্ঘটনার প্রকৃত কারণ জানতে তদন্ত শুরু হয়েছে। এক আত্মীয়ের মৃতদেহ নিয়ে বাড়ি ফেরার পথে এমন মর্মান্তিক পরিণতিতে শোকস্তব্ধ কোচবিহারের বাসিন্দারা।

নভেম্বর ২১, ২০২৬

Ads

You May Like

Gallery

265-year-old "Mukhopadhyay House" in Bhavanandpur, Kalnar, played vermilion on Dasami during Durga Puja
BJP candidate Locket Chatterjee campaigned on the banks of the Ganges from Chandannagar Ranighat to Triveni Ghat wishing New Year.
A living depiction of history with a touch of color, everyone is enthralled by the initiative of the Eastern Railway
Sucharita Biswas actress and model on Durga Puja
Lord Kalabau came up in palanquin; Navapatrika walked towards the mandap - the puja started
On Sunday, the 'Hilsa festival' is celebrated in the city with great joy.
Check out who has joined Mamata's new cabinet
Take a look at the list of recipients at the Bangabibhushan award ceremony
If you are grassroots, you will get ration for free. Lakshmi Bhandar, Kanyashree, Swastha Sathi, Krishakbandhu, Oikyashree, Sabujsathi — you will get all.

Categories

  • কলকাতা
  • রাজ্য
  • দেশ
  • বিদেশ
  • রাজনীতি
  • খেলার দুনিয়া
  • বিনোদুনিয়া
  • সম্পাদকীয়
  • নিবন্ধ
  • ভ্রমণ
  • রাশিফল
  • টুকিটাকি
  • চিত্রহার
  • বিবিধ
  • ভিডিও

Company

  • About Us
  • Advertise
  • Privacy
  • Terms of Use
  • Contact Us
Copyright © 2026 Janatar Katha News Portal